নাশকতার ঘটনায় গ্রেপ্তার নেতারা স্বীকারোক্তি দেননি : রিজভী

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৪:৫৪ পিএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘নাশকতার ঘটনায় গ্রেপ্তার হওয়া বিএনপির শীর্ষ নেতাদের স্বীকারোক্তি নিয়ে ডিবি প্রধানের বক্তব্য সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অশুভ উদ্দেশ্যপ্রণোদিত।’ 

আজ শনিবার(১৮ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ‘গ্রেপ্তার বিএনপি নেতারা অগ্নিসংযোগ ও ভাঙচুরের দায় স্বীকার করেছেন’- ডিবি প্রধানের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে রিজভী বলেন, ‘আমরা গ্রেপ্তারকৃত বিএনপি নেতৃবৃন্দের আইনজীবীদের কাছ থেকে জানতে পেরেছি যে, নেতৃবৃন্দ ডিবি কার্যালয়ে কোনো স্বীকারোক্তি দেননি।’

বিবৃতিতে বিএনপির এই মুখপাত্র বলেন, ২৮ অক্টোবর পূর্বাপর নাশকতার যেসব ঘটনা ঘটেছে তার সবগুলোতেই সরকারদলীয় ক্যাডার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই জড়িত বলে চাক্ষুষ ও বিভিন্ন ফুটেজে তা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। মূলত উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে সরকারের বিশ্বস্ত দোসর হিসেবে গোয়েন্দা প্রধান নির্লজ্জ মিথ্যাচার করেছেন- যা চতুর অপকৌশল মাত্র। আমি ডিবি প্রধানের ডাহা মিথ্যাচারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত