নানাবাড়ি বেড়াতে এসে সড়কে প্রাণ গেল শিশুর

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৭:১১ এএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছে চার বছরের এক শিশু। তার নাম মিম আক্তার। গতকাল শনিবার সকালে তিরনইহাট ইউনিয়নের ধামনাগছ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাটাপাড়া গ্রামের আবুবক্কর সিদ্দিকের কন্যা।

স্বজনরা জানায়, গতকাল আশ্রয়ণ প্রকল্প থেকে পাওয়া নানা সৈয়দ আলীর ঘর আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়ে পরিবারের সঙ্গে আসে মিম। সকালে সে নানাবাড়ি থেকে মহাসড়কে উঠে সড়ক পার হওয়ার সময় বাংলাবান্ধাগামী একটি মালবাহী লরির ধাক্কা খেয়ে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে তেঁতুলিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পঞ্চগড়ে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় মালবাহী গাড়িটি আটক করেছে পুলিশ।

মিমের মামা শাহজাহান জানান, কী নির্মম ভাগ্য, আগের দিন তার নানার ঘরের আসবাবপত্র আগুনে পুড়ে ছাই, পরের দিন সকালে লরির ধাক্কায় নাতনি মিম মারা গেল।

তেঁতুলিয়া নির্বাহী অফিসার ফজলে রাব্বি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবরটি শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবার ও আগুনে ক্ষতিগ্রস্ত সৈয়দ আলীকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে।

কলাপাড়ায় বাসের ধাক্কায় তরুণের মৃত্যু : পটুয়াখালীর কলাপাড়ায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় ফখরুল ইসলাম নামে এক তরুণ নিহত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে শেখ কামাল সেতুর ওপরে মাঝ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। ফখরুল সুনামগঞ্জ জেলার ছাতক থানার আকিপুর গ্রামের আজির উদ্দিনের ছেলে।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, নিহতের পকেট থেকে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তবে তিনি সেতুতে কীভাবে দুর্ঘটনায় পতিত হলেন, তা জানা যায়নি। মরদেহ মর্গে পাঠানো হবে।

বগুড়ায় মোটরসাইকেল চালক নিহত : বগুড়ার নন্দীগ্রামে বগুড়া-নাটোর মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ভরত চন্দ্র বর্মণ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সহকর্মী আলামিন হোসেন (২৫)। গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের পৌর এলাকার সেলিনা পেট্রোল পাম্পসংলগ্ন ফরিদ ভোলকানাইজিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। ভরত চন্দ্র বর্মণ জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার নওটিকা গ্রামের শীতল চন্দের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে নাটোর থেকে ভরত চন্দ্র মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে নন্দীগ্রাম ফরিদ ভোলকানাইজিংয়ের সামনে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা দেয়। এতে করে ঘটনাস্থলেই ভরত চন্দ্র বর্মণ মারা যায়। মোটরসাইকেলের পেছনে থাকা আলামিন হোসেন ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত