ইসি-কমনওয়েলথ প্রতিনিধিদল বৈঠক সম্পর্কে যা জানা গেল

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১২:৫৮ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানতে ইসিতে এসেছে কমনওয়েলথ সদর দপ্তরের নির্বাচনপূর্ব পরিস্থিতি মূল্যায়ন প্রতিনিধিদল। অংশীজনের সঙ্গে বসে লন্ডনে ফিরে প্রতিবেদন দেওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

আজ রবিবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের হেড অব ইলেক্টরাল সাপোর্ট সেকশন লিনফোর্ড এন্ড্রো এ কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন পলিটিক্যাল অ্যাডভাইজার লিনডে মাললেকা, এক্সিকিউটিভ অফিসার জিপি ওজাগো ও অ্যাসিসট্যান্ট রিসার্চ অফিসার সার্থক রায়।

প্রতিনিধিদলের প্রধান লিনফোর্ড এন্ড্রো জানান, প্রি ইলেকশন অ্যাসেমেন্ট মিশনের সহকর্মীদের নিয়ে শনিবার বাংলাদেশে এসেছে নির্বাচনপূর্ব পরিস্থিতি মূল্যায়ন প্রতিনিধিদল। কমনওয়েলথের সদস্যরাষ্ট্রের যেকোনো দেশে অবজারভার পাঠানো একধরনের প্রথা। কয়েকটি উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করি। এর অংশ হিসেবে নির্বাচন কমিশনসহ নানাধরনের অংশীজনের সঙ্গে আলোচনা করা হয়। ০৭ জানুয়ারির নির্বাচনকে সামনে সার্বিক প্রস্তুতি অবহিত হওয়ার পাশাপাশি বিরাজমান পরিবেশসহ পর্যবেক্ষণ করছি আমরা।

কমিশনকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, আমাদের মধ্যে বেশ ভালো আলোচনা হয়েছে। কতটা প্রস্তুতি হয়েছে তা জানতে পেরেছি। সামনের দিকে তাকিয়ে আছি, আমাদের অংশীজনের সঙ্গে আলোচনা হবে। ২২ নভেম্বর আমাদের চলে যাওয়ার কথা। তারপর কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের কাছে সুপারিশসহ প্রতিবেদন দেব।

বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, এটা একটা কমনওয়েরলথের অগ্রবর্তী দল। (পরিস্থিতি জেনে) তারা কমনওয়েলথ সচিবালয়ে গিয়ে রিপোর্ট জমা দেবে। এরপর প্রতিবেদন পেয়ে কমনওয়েলথের পূর্ণাঙ্গ টিম নির্বাচন পর্যবেক্ষণে আসার বিষয়ে সম্মতি জানাবেন কি, জানবেন না- সে পরে সিদ্ধান্ত নেবে।

বিবদমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কমনওয়েথ প্রতিনিধিদল কোনো মন্তব্য করেনি বলে জানান ইসি সচিব।

এক প্রশ্নের জবাবে সচিব জানান, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলাচনা হয়নি। শুধু নির্বাচনপদ্ধতি, নির্বাচনী কর্মপদ্ধতি ও নির্বাচনী আইন, বিধি-বিধান, ভোট ব্যবস্থাপনা, প্রতিবন্ধী ভোটারদের জন্য কি ব্যবস্থা, নির্বাচনী কর্মকাণ্ডে সম্পৃক্ত ও প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট ও ভোটের দিন যানবাহন ব্যবস্থাপনা বিষয়ে অবহিত হতে চেয়েছেন। সিইসি ও নির্বাচন কমিশনাররা এ বিষয় তুলে ধরেছেন। এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে প্রতিনিধিদল।

তিনি জানান, এটা দ্বিপাক্ষিক আলোচনা। তারা কিছু জানতে চেয়েছে, তুলে ধরেছি। তাদের কাজ হচ্ছে বাংলাদেশের নির্বাচনপদ্ধতির বিষয়ে জানা। অন্য কোনো প্রশ্ন তারা করেনি। জানতে চেয়েছে দেশের নির্বাচনপদ্ধতিতে ভোটাররা কিভাবে ভোট দিতে যাবে, ভোট নেওয়া হবে, ভোট স্বচ্ছ করতে গেলে ভোট পদ্ধতিসহ রিটার্নিং অফিসারসহ সবার কাজগুলো জেনেছেন। সামনে (কত সদস্যের টিম পরে আসবে) সে বিষয়ে কিছু বলেননি। আজ এখানে এসেছে চার সদস্যের অগ্রবর্তী দল। তারা পরিস্থিতি দেখে (সদর দপ্তরে) গিয়ে রিপোর্ট করবেন, তারপর চূড়ান্ত করে আমাদের জানাবেন বলে জানান ইসি সচিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত