ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মুসলিম দেশগুলোর অন্তত সীমিত সময়ের জন্য ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করা উচিত। ইসরায়েলের বিরুদ্ধে খাদ্য ও তেল নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানোর কয়েক সপ্তাহ পর মুসলিম দেশগুলোর প্রতি এই আহ্বান জানালেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
খামেনি বলেন, কিছু মুসলিম দেশ অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি অপরাধের নিন্দা জানিয়েছে। আবার অনেকে কিছুই করেনি। এটা অগ্রহণযোগ্য। ইসরায়েলকে জ্বালানি ও পণ্য থেকে বিচ্ছিন্ন করাই ইসলামি দেশগুলোর প্রধান কাজ হওয়া উচিত।
গত ১১ নভেম্বর সৌদি আরবের রিয়াদে ফিলিস্তিন ইস্যু নিয়ে ইসলামি সহযোগী সংস্থা (ওআইসি) ও আরব লীগের যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তবে তাতে সাড়া দেয়নি মুসলিম দেশগুলো।
