ফিলিস্তিনি শিক্ষার্থীদের খরচ মওকুফ করল তুরস্ক ও মালয়েশিয়া

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০১:১২ পিএম

তুরস্ক ও মালয়েশিয়াতে অধ্যয়নরত ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডের শিক্ষার্থীদের পড়াশোনার খরচ মওকুফ করেছে তুরস্ক ও মালয়েশিয়ার সরকার।

আর এই সিদ্ধান্তের জন্য দুই দেশের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ফিলিস্তিন কর্তৃপক্ষ। খবর আল জাজিরা।

গত বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক ডিক্রি জারি করেন যে, তুরস্কের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাজা উপত্যকার ফিলিস্তিনি সকল শিক্ষার্থীদের পড়াশোনার খরচ থেকে অব্যাহতি দেওয়া হবে।

এ ছাড়া স্নাতক এবং ডিপ্লোমা ডিগ্রি অর্জনকারী ফিলিস্তিনি শিক্ষার্থীদের বছরের দ্বিতীয় সেমিস্টারের খরচ বহন করবে তুর্কি সরকার।

ডিক্রিটি তুর্কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নথিভুক্ত গাজার সমস্ত ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য বলে জানায় কর্তৃপক্ষ।

অন্যদিকে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিন বুধবার জানিয়েছেন যে, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যয়নরত ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জন্য ফি মওকুফ করা হবে।

তিনি আরও জানান, মালয়েশিয়া সরকার এই শিক্ষাবর্ষের মধ্যে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নথিভুক্ত ৮০০ ফিলিস্তিনি শিক্ষার্থীকে মাসিক ভাতা দেওয়ার কথাও বিবেচনা করছে।

এদিকে গাজার ফিলিস্তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় ফি মওকুফ ও মাসিক ভাতা দেয়ার জন্য মালয়েশিয়া ও  তুরস্ক সরকারকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

চলমান ইসরায়েল ও হামাস যুদ্ধের কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বিভিন্ন দেশে অধ্যয়নরত গাজার ফিলিস্তিনি শিক্ষার্থীরা। বাসাবাড়ি ধ্বংসের পাশাপাশি অনেকের পরিবারের সদস্যরা মারা যাওয়ার কারণে অর্থ সংকটে পড়েছে এ শিক্ষার্থীরা।

আর তাই এসব শিক্ষার্থীদের কষ্ট কিছুটা লাঘব করতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশদুটি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত