টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু। তিনি খান আহমেদ শুভ এমপিকে 'সন্ত্রাষী ও বহিরাগত' উল্লেখ করে এই ঘোষণা দেন।
রবিবার রাতে উপজেলার লতিফপুর ইউনিয়নের লতিফপুর বড়চালায় দুই দিনব্যাপী বাউল সংগীত অনুষ্ঠানের প্রথম দিন প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু বলেন, টাঙ্গাইল হঠাও, মির্জাপুর বাঁচাও। এটাই আমাদের স্লোগান।
মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মীর এনায়েত হোসেন মন্টু। আগামী নির্বাচনে পাহাড়ি এলাকা থেকে তিনি প্রার্থী হলে পুরো পাহাড়ি এলাকার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। উপজেলার গোড়াই, আজগানা, বাশতৈল, তরফপুর ও লতিফপুর হচ্ছে লাল মাটির পাহাড়ি এলাকা। এই এলাকা থেকে তিনিই প্রথম নির্বাচন করবেন বলে জানান। লাল মাটির সন্তান হিসেবে তাকে নির্বাচিত করতে পাহাড়বাসীকে এক হওয়ার আহ্বানও জানান। তিনি বলেন, খান আহমেদ শুভ বাদে অন্য যে কেউ মনোনয়ন পেলে তিনি সতন্ত্র প্রার্থী হবেন না।
নির্বাচনের উদ্দেশ্যে মীর এনায়েত হোসেন মন্টু সোমবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনের কাছ থেকে নিজের নামে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
সংসদ সদস্য খান আহমেদ শুভ বলেন, আমার বাবা ফজলুর রহমান খান ফারুক এই আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, আমার দাদা ও বাবার বাড়ির উপজেলার ওয়ার্শী ইউনিয়নের কহেলা গ্রামে। জননেত্রী শেখ হাসিনা আমাকে বাবার পরিচয়ে উপনির্বাচনে এই আসনে মনোনয়ন দিয়েছিলেন। দেড় বছরের সময়কালে আমি সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করেছি। এমন কোনো কাজ করিনি যে কারণে আমাকে কেউ সন্ত্রাসী বলতে পারবে। দলের কাছে পুনরায় মনোনয়ন চেয়েছি। মনোনয়ন দিলে নির্বাচন করব। না দিলে যাকে মনোনয়ন দিবে তার হয়ে কাজ করব। স্বতন্ত্র নির্বাচনের বিষয়ে তিনি বলেন, কে স্বতন্ত্র নির্বাচন করবে, না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।
