ভারতের নয়ডায় ভুয়া কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসটিএফ) এবং নয়ডা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গ্রেপ্তাররা ভুয়া কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের সঙ্গে প্রতারণা করতেন। বিশেষ করে মার্কিন নাগরিকদের টার্গেট করা হত। তাদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি গাড়ি, মোবাইল ফোন, কম্পিউটারের যন্ত্রাংশ, হেডফোন ও হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আরো একটি ভুয়া কল সেন্টারের সন্ধান পেলেন তদন্তকারীরা। এর আগে একই অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করেছিল এসটিএফ এবং নয়ডা পুলিশ।
