বাসে আগুন দিলে জনপ্রতি পেত ১০ হাজার টাকা

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০২:১২ পিএম

মিরপুরের কালশী এলাকায় বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় সরাসরি জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন—  আল মোহাম্মদ চাঁন (২৭), মো: সাগর (২৫), মো: আল আমিন রুবেল (২৯), ও মো: খোরশেদ আলম (৩৪)।

বিবৃতিতে জানানো হয়, ১৮ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মিরপুরের কালশী সড়কে ‘বসুমতি পরিবহনের’ একটি বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে তাদের গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা বিরোধী একটি রাজনৈতিক দলের কর্মী। তাদের দলের স্থানীয় শীর্ষ নেতাদের নিদের্শনায় গ্রেপ্তারকৃত আল মোহাম্মদ চাঁন রাজধানীর মিরপুর ও পল্লবীর আশপাশের এলাকায় বাসে অগ্নিসংযোগ করার পরিকল্পনা করে। পরে সেদিন রাত আনুমানিক ১১টার দিকে বাসে অগ্নিসংযোগ করার জন্য রাজধানীর কালশী সড়কে রেকি করে। এসময় কালশী সড়কে মসজিদের পাশে পার্ক করা বসুমতি পরিবহনের একটি বাস সুবিধাজনক হওয়ায় চাঁনের নির্দেশে সাগর ও আল আমিন বাসের নিকট যায় এবং গ্রেপ্তারকৃত আল আমিন বাসের মাঝের জানালা খুলে পেট্রোল ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন জ্বালিয়ে দেয় এবং ঘটনাস্থল থেকে সাগরের সাথে পালিয়ে যায়।

র‍্যাব আরও জানায়, এসময় চাঁন রাস্তার আইল্যান্ডের ওপরে দাঁড়িয়ে যানবাহনে অগ্নিসংযোগের নির্দেশনা প্রদান ও ঘটনা পর্যবেক্ষণ করেন। অন্য কোনো বিরোধীদলের সদস্য যাতে এ ঘটনার ছবি তুলে ও ভিডিও ধারণ করে স্থানীয় শীর্ষ নেতাদের কাছে প্রেরণ করে কৃতিত্ব নিতে না পারে সেজন্য বাসে আগুন দেওয়ার সঙ্গে সঙ্গেই খোরশেদকে ঘটনাস্থল থেকে ভিডিও ধারণ করে তাৎক্ষণিকভাবে পাঠাতে বলেন চাঁন।

পরে ধারণকৃত ভিডিওটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলের স্থানীয় শীর্ষ নেতাদের কাছে প্রেরণ করেন। এ কাজের জন্য চাঁন প্রত্যেকের জন্য ১০ হাজার টাকা করে পেলেও সাগর ও আল আমিনকে ৭ হাজার টাকা প্রদান করেন। মূলত দলের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি ও দলের প্রতি নিজেদের আস্থার প্রতিদান দিতে তারা এ সব নাশকতা ও সহিংসতার ভিডিও ধারণ করে তাদের দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কাছে প্রেরণ করতেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত