ক্যামেরায় দেখা গেল আটকে পড়া শ্রমিকদের, পাঠানো হল খিচুড়ি

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০২:১৪ পিএম

ভারতের উত্তরাখণ্ডের একটি নির্মাণাধীন টানেল ধসে গত ১০ দিন ধরে আটকা পড়ে আছেন ৪১ জন শ্রমিক। ঘটনার দশম দিনে এসে সুড়ঙ্গে পাঠানো ক্যামেরায় প্রথমবারের মতো এক ঝলক দেখা গেছে তাদের। পাইপের মাধ্যমে পাঠানো হয়েছে গরম খিচুড়ি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে ধ্বংসস্তূপের ভেতর দিয়ে ছয় ইঞ্চির একটি পাইপের সাহায্যে গরম খিচুড়ি পাঠানো হয় শ্রমিকদের কাছে।

এতদিন ধরে শ্রমিকদের পাইপের মাধ্যমে শুকনো খাবার পাঠানো হলেও এবার নতুন পাইপের মাধ্যমে রান্না করা গরম খাবার পাঠানো হয়েছে।

এছাড়া এই পাইপের মাধ্যমে একটি ক্যামেরা এবং ওয়াকি-টকি পাঠানো হয়েছিল শ্রমিকদের কাছে। সেই ক্যামেরাতেই এক ঝলক দেখা গেছে তাদের। কথা হয়েছে উদ্ধারকারী দলের সাথে।

ক্যামেরার ফুটেজে শ্রমিকদের হাত নাড়তে দেখা গেছে। এ সময় উদ্ধারকারী কর্মকর্তারা ওয়াকিটকির মাধ্যমে তাদের (শ্রমিকদের) ক্যামেরার সামনে আসতে বলেন। কর্মকর্তারা তাদের টানেল থেকে বের করে আনার বিষয়ে আশ্বস্ত করেন।

১০ দিন ধরে আটকে থাকা এই শ্রমিকদের উদ্ধারে পাঁচটি সংস্থা কাজ শুরু করেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তাদের কাছে দ্রুত পৌঁছাতে তিন দিক দিয়ে সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে।

এ ছাড়া উদ্ধারকাজে অংশ নিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর নির্মাণ শাখার সেনারাও। খাদ্য, পানীয় ও অক্সিজেন পৌঁছে দিতে এবং উদ্ধারকাজ সহজ করতে বিভিন্ন দিক দিয়ে সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে।

গত ১২ নভেম্বর উত্তরাখণ্ডের সিল্কিয়ারা এবং দান্দলগাঁওয়কে সংযুক্তকারী টানেল নির্মাণের কাজ শেষে বের হচ্ছিলেন নাইট শিফটের শ্রমিকরা। এ সময় ডে শিফটের শ্রমিকরা প্রবেশ করতে গেলে হঠাৎ করেই সেটি ধসে পড়ে। এতে সেখানে ৪১ জন শ্রমিক আটকা পড়েন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত