বিয়ের অনুষ্ঠান চলছিল। খাওয়ার একপর্যায়ে রসগোল্লা খেতে চেয়েছিল অতিথি। কিন্তু রসগোল্লা ততক্ষণে শেষ। এ সময় একজন প্রশ্ন তোলেন, ‘রসগোল্লা এত কম কেন?’ এ নিয়ে দুই পক্ষের ঝগড়া মারামারিতে গড়াতে মুহূর্ত লাগেনি। ফলে রসগোল্লা কম থাকায় অন্তত ছয়জনকে আহত হতে হলো। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আগ্রার শামসাবাদ থানা এলাকায় গত রবিবার রাত ১২টার দিকে একটি বিয়েবাড়িতে মারামারির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ওই বিয়েবাড়িতে রসগোল্লা কম থাকায় শেষের দিকে অনেক অতিথি তা পাননি। এ নিয়েই ঝগড়ার সূত্রপাত। এরপর কথা কাটাকাটি থেকে খানিকক্ষণের মধ্যেই একে অপরের ওপর চড়াও হয় অতিথিরা। পরিস্থিতি সামলাতে না পেরে খবর দেওয়া হয় পুলিশকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রসগোল্লা কম কেন প্রশ্ন করায় দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। মারামারির ঘটনায় উভয় পক্ষের মোট ছয়জন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এলে আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল।
শামসাবাদ থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) অনিল শর্মা বলেন, কারা, কাদের ওপর আক্রমণ করলেন, রসগোল্লা নিয়ে কীভাবে মারামারি শুরু হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। বিয়েবাড়িতে উপস্থিত সবাইকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
