মামলা না তোলায় ধর্ষণের শিকার তরুণীকে কুপিয়ে খুন

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৬:২৯ পিএম

ভারতে মামলা তুলতে রাজি না হওয়ায় ধর্ষণের শিকার এক তরুণীকে (১৯) প্রকাশ্যে কোপাল অভিযুক্ত ও তার ভাই। মর্মান্তিক এ  ঘটনাটি উত্তরপ্রদেশের কাউশাম্বি জেলার। মঙ্গলবার (২১ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

পুলিশ জানিয়েছে, তরুণীকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে পবন এবং তার সহযোগী হিসেবে অশোকের নাম এসেছে। তারা দুজনই কয়েকদিন আগে কারাগার থেকে বেরিয়েছে।

তিন বছর ওই তরুণীকে ধর্ষণ করার অভিযোগে কারাগারে যায় পবন। তার বিরুদ্ধে করা মামলা তুলে নিতে ভুক্তভোগীকে নিয়মিত চাপ দিচ্ছিল পবনের সঙ্গীরা। কিন্তু তরুণী তাতে রাজি হয়নি। সম্প্রতি পবন জামিন পেয়ে কারাগার থেকে বের হয়। একই সময়ে হত্যা মামলায় অভিযুক্ত অশোকও ছাড়া পায়। এরপর তরুণীকে খুনের পরিকল্পনা করে দুই ভাই।

স্থানীয়রা জানান, ক্ষেতে গবাদি পশু চরিয়ে বাড়ি ফিরছিল তরুণী। এ সময় কুড়াল নিয়ে তার ওপর আক্রমণ করে দুই ভাই। একপর্যায়ে রক্তাক্ত তরুণীকে সেখানেই ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এখন দুই অভিযুক্ত পবন ও অশোককে ধরতে তল্লাশি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত