ধানমন্ডিতে সাংবাদিককে পেটাল ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১০:৪৯ পিএম

রাজধানীর ধানমন্ডি এলাকায় সংবাদ সংগ্রহকালে জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক মো. নাহিদ হাসান (সাব্বির) এর উপর হামলার ঘটনা ঘটেছে৷ ঘটনার পর ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে ধানমন্ডি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী সাংবাদিক৷

সোমবার (২০ নভেম্বর) রাত ১০ টার দিকে ধানমন্ডি কেয়ারী প্লাজা সংলগ্ন নর্দান মেডিকেল কলেজের সামনে এই ঘটনা ঘটে৷

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০ টায় হঠাৎ ধানমন্ডি নিউ মডেল ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম এবং ধানমন্ডি থানার ১৫ নং ওয়ার্ড যুবলীগের উপ-প্রচার সম্পাদক তামজিদ রহমানের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন জনের একটি দল সাংবাদিকের উপর হামলা করে৷ তাদের বেধড়ক মারধর করতে দেখা যায়৷ অভিযুক্তরা স্থানীয় প্রভাবশালী হওয়ায় কেউ এগিয়ে আসেনি৷

হামলায় আহত সাংবাদিক মো. নাহিদ হাসান বলেন, সংবাদ সংগ্রহের কাজে আমি রাত সাড়ে ৯টায় ধানমন্ডি কেয়ারী প্লাজার সামনে যাই৷ অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাকিবুক ইসলামকে ফোন দিলে সে আমার অবস্থান জানতে চায়৷ আমি নর্দান মেডিকেলের সামনে আছি বললে সে আমাকে ৫ মিনিটের মধ্যে আসছে বলে জানায়৷ এরপর রাকিবুল হেঁটে আসে এবং যুবলীগ নেতা তামজিদের নেতৃত্বে ১০ থেকে ১৫ টি মোটরসাইকে ২০-২৫ জন এসে, এখানে সাংবাদিক কে? জিজ্ঞেস করে এলোপাতাড়ি মারধর শুরু করে৷ তারা আমার মোবাইল ফোন কেড়ে নেয়৷ সাংবাদিক পরিচয় দিয়ে পরিচয়পত্র দেখাতে চাইলে আরও বেশী মারধর করে৷ পরে ঘটনাস্থল থেকে কোনোভাবে বেঁচে ফিরে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিই৷ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজই সব প্রমান আছে৷

অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম বলেন,  আমি ওই সাংবাদিক ভাইয়ের সাথে দেখা করতে যাই৷ এর মধ্যে স্থানীয় লোকজন এসে তার উপর হামলা করে৷ কেন হামলা করেছে জানিনা৷ আমি সাংবাদিক ভাইকে সেভ করার চেষ্টা করছি৷

ঘটনার পর রাতেই আহত সাংবাদিক নাহিদকে দেখতে এসে ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি বলেন, হামলাকারীরা অপরাধী হিসেবেই বিবেচিত হবে৷ ছাত্রলীগের যারা জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে৷

এ বিষয়ে সোমবার সকালে ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ পারভেজ ইসলাম বলেন, এমন কিছু ঘটেছে এবং কখন ঘটেছে তা আমি জানি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত