’রকস্টার’-এর সঙ্গে ’সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন নার্গিস ফাখরি

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৪:০৫ এএম

২০১১ সালে মুক্তি পেয়েছিল ছবি। ইমতিয়াজ আলির ’রকস্টার’। ছবিতে বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী নার্গিস ফাখরি। ’রকস্টার’ দিয়েই বলিউডে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ তার। ছবির শুটিং চলাকালীন শোনা গিয়েছিল, নায়ক রণবীরের সঙ্গে ক্যামেরার নেপথ্যেও নাকি সম্পর্ক তৈরি হয়েছে নার্গিসের। বলিউডে তখন নবাগতা নার্গিস। সেই সময় নিজের আলোচিত প্রেমজীবন নিয়ে মুখ খোলেননি তিনি।

’রকস্টার’ মুক্তির এক যুগ পরে রণবীরের সঙ্গে তার চর্চিত প্রেম নিয়ে অবশেষে মুখ খুললেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নার্গিসকে রণবীরের সঙ্গে তার সমীকরণ নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানান, তিনি নিজেও তার ব্যক্তিগত জীবন নিয়ে হাজারো জল্পনা শুনেছেন। নার্গিস বলেন, ’আমি তো বলিউডে যতজন অভিনেতার সঙ্গে কাজ করেছি, সবার সঙ্গেই নাকি আমি প্রেমও করেছি। প্রতিদিন এমন একটা করে লেখা পড়তাম আমি। একদিন তো আমি শুনতে পাই, আমি নাকি শাহিদ কাপুরের সঙ্গে তার ফ্ল্যাটে থাকছি। আর সেখানে নাকি আমার মা এসেছেন, শাহিদের সঙ্গে দেখা করতে। আমার মা কোনোদিন এখানে আসেননি!’

রণবীরের সঙ্গে প্রেম নিয়ে সরাসরি কোনো জবাব না দিলেও ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া যে তার একেবারেই পছন্দ নয়, সে কথা স্পষ্ট করে দেন।

তবে ২০১৩ সাল থেকে ‘ধুম’ খ্যাত অভিনেতা ও পরিচালক-প্রযোজক আদিত্য চোপড়ার ভাই উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন নার্গিস। সেই সময় সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ না খুললেও পরবর্তীতে উদয়ের সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে নার্গিস বলেছিলেন, ’আমাকে তখন ওই সম্পর্ক নিয়ে কথা বলতে বারণ করা হয়েছিল। না হলে আমি বাড়ির ছাদ থেকেই জোর গলায় সবাইকে জানিয়ে দিতাম—আমি এত ভালো মনের এক মানুষের সঙ্গে সম্পর্কে রয়েছি।’

২০১৮ সালে বিচ্ছেদ হয় তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত