হামাসের সঙ্গে গাজায় ৪ দিনের যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। তবে কবে থেকে এই বিরতি কার্যকর হবে তা স্পষ্ট নয়। এদিকে যুদ্ধ বিরতির পর গাজায় হামাস ও ইসরায়েল আবারও তুমুল লড়াইতে নামবে এমনটাই আভাস দিয়েছে উভয়পক্ষ। বিরতি শেষে গাজায় ফের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী অভিযান শুরু করবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তিনি বলেছেন ,’আমরা একটি যুদ্ধের মধ্যে রয়েছি এবং যতদিন আমাদের লক্ষ্য পূরণ না হয়, ততদিন এই যুদ্ধ চলবে।’
এর জবাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে বলেছে, ‘আমরা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছি, সেই সঙ্গে নিশ্চিত করছি যে বিরতি শেষ হওয়ার পর আমাদের আঙুল থাকবে বন্দুকের ট্রিগারে এবং আমাদের অকুতোভয় যোদ্ধারা অবশ্যই দখলদারি শক্তিকে পরাজিত করে গাজার জনগণকে রক্ষা করবে।’
গত সপ্তাহে কাতার এবং মিসরের মধ্যস্থতার ভিত্তিতে ইসরায়েলের কাছে যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাঠায় কাতারে অবস্থানরত হামাসের হাইকমান্ড। সেখানে বলা হয়, যদি ইসরায়েল গাজা উপত্যকায় চার দিনের যুদ্ধবিরতি, কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি, উপত্যকায় ত্রাণপণ্যবাহী ট্রাকগুলোকে প্রবেশ এবং আহত বেসামরিকদের উপত্যকার বাইরে গিয়ে চিকিৎসা গ্রহণের অনুমতি দেয়— তাহলে নিজেদের হাতে থাকা জিম্মিদের মধ্যে ৫০ জনকে মুক্তি দেবে হামাস।
প্রথমদিকে এই প্রস্তাব আমলে না নিলেও জিম্মিদের পরিবার, দেশের জনগণ ও বহির্বিশ্বের চাপে মঙ্গলবার সেটি অনুমোদন করে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা।মঙ্গলবারের ভাষণে নেতানিয়াহু বলেন, ‘এটা (হামাসের প্রস্তাব) মেনে নেওয়া আমাদের জন্য কঠিন ছিল, কিন্তু আমার মনে হয়, আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’
