জিম্মি চুক্তি চূড়ান্তে কাতার যাচ্ছেন মোসাদ প্রধান 

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৯:৫৬ পিএম

কাতার সফরে যাচ্ছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। বুধবার (২২ নভেম্বর) তার দোহায় পৌঁছাবার কথা এবং আগামীকাল সকালে জিম্মি চুক্তির চূড়ান্ত বিবরণ নিয়ে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে আলোচনা করবেন তিনি।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, মোসাদ প্রধানের এই সফর ইঙ্গিত দেয় ইসরায়েল এখনো অমীমাংসিত কিছু বিষয় ঠিক করতে চায়। যদিও হামাস ও ইসরায়েল উভয়পক্ষ যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।

তবে জিম্মিদের হস্তান্তরের পাশাপাশি যুদ্ধবিরতি শুরু করার পদ্ধতি নিয়ে দৃশ্যত কিছু প্রশ্ন রয়ে গেছে। হামাস জানিয়েছে, এটি স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে। যদিও ইসরায়েল এখনো বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেনি।

একজন ইসরায়েলি কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে সকাল ১০টায় জিম্মি হস্তান্তরের সময় নিশ্চিত করেছেন। তবে অপর একজন বলেছেন, এটি দোহায় মোসাদ প্রধানের বৈঠকে চূড়ান্ত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত