দাদা থেকে নাতি-নাতনির প্রজন্ম, ইসরায়েলি হামলায় সম্পূর্ণ নিশ্চিহ্ন পরিবার

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১২:২৬ পিএম

যুদ্ধবিরতির চুক্তি কার্যকর ও বাস্তবায়নকে সামনে রেখেই ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে বোমা হামলা ও অভিযান আরও তীব্র করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আর এই হামলায় একই পরিবারের ৫২ সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) লন্ডনে সফররত ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

বৃহস্পতিবার উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় একই পরিবারের ৫২ সদস্য নিহত হয়েছে বলে জানান ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “শুধুমাত্র আজ সকালে জাবালিয়ায় কাদৌরা পরিবার থেকে ৫২ জনকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা হয়েছে, হত্যা করা হয়েছে। আমার কাছে তাদের মধ্যে ৫২টি নামের তালিকা আছে। দাদা থেকে নাতি-নাতনি পর্যন্ত তারা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে।“

দক্ষিণ গাজায় আল জাজিরার তারেক আবু আজজুম বলেছেন, বুধবার ভারী হামলা অব্যাহত রয়েছে।

ইসরায়েলি হামলায় খান ইউনিসের একটি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হওয়ার পর তিনি বলেন, ‘এই এলাকাগুলোকে উত্তর থেকে পালিয়ে যাওয়ার জন্য নিরাপদ স্থান হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু তারা একই মাত্রার ইসরায়েলি বোমা হামলার সম্মুখীন হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত