সাত বছরের শিশুর ওপর পাশবিক নির্যাতন ইমামের

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০১:৫৯ পিএম

ময়মনসিংহের ত্রিশালে মাদ্রাসাছাত্রকে জামে মসজিদের ইমাম বলাৎকার করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীর পিতা থানায় মামলা করেন। ইমাম পলাতক। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। 

জানা গেছে, ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বীররামপুর মধ্য উজান পাড়া এলাকার জনৈক ব্যক্তির সাত বছর বয়সী শিশু কোরআন শিখতে প্রতিদিনের মতো মসজিদে ইমামের নিকট যান। সোমবার (২০ নভেম্বর) মসজিদের রুমের ভেতর শিক্ষার্থীকে একা পেয়ে ইমাম মিজানুর রহমান বিভিন্ন প্রলোভন ও ভয়-ভীতি দেখিয়ে বলাৎকার করেন। শিশুর চিৎকারে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে। পরে বলাৎকারের শিকার শিশুকে পরিবারের সদস্যরা প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে শিশুটি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি।

শিশুটির পিতা ইমাম মিজানুর রহমানকে আসামি করে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত।

অভিযুক্ত ইমাম মিজানুর রহমানের বাড়ি একই জেলার ফুলবাড়ীয়া উপজেলায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত