বগুড়ার শেরপুরে আব্দুল মতিন (৫৫) নামের এক বিএনপি নেতাকে পিটিয়ে ও মাথায় ছুরিকাঘাতে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৮টায় উপজেলার বিশালপুর ইউনিয়নের মান্দাইল গ্রামের পূর্বপাড়ার সরিষা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মতিন মান্দাইল গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে ও বিশালপুর ইউনিয়ন বিএনপির সক্রিয় সদস্য।
এলাকাবাসী জানায়, আজ সকালে ওই গ্রামের আব্দুল মোমিনের শ্রমিকরা ধান কাটতে গিয়ে দেখেন রক্তাক্ত লাশটি পড়ে আছে। পরিবারের লোকজন উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, গত ১৫ নভেম্বর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তিনি ৬৪ নম্বর আসামি। তাকে আসামি করাতে সেদিন থেকেই তিনি আর রাতে বাড়িতে অবস্থান করেন না। গতকাল সন্ধ্যায় বাজারে চা খেয়ে শেরপুরে মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে তিনি একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করেন। কিন্তু, সেসময় তাকে কে যেন ফোন করায় একটু দেরি করেন। বেশি দেরি হওয়ায় অটোচালক তাকে রেখেই চলে যান। ঘণ্টাখানেক পর তিনি বাজার থেকে চলে যান। সকালে তার লাশ পাওয়া গেছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। হত্যার রহস্য দ্রুত উদঘাটনে পুলিশ আন্তরিকতার সাথে কাজ করছে।
