ভারতের রাজধানী নয়াদিল্লিতে ঘটেছে এক ভয়ঙ্কর ঘটনা। মঙ্গলবার মধ্যরাতে ১৮ বছরের এক তরুণকে খুন করে এক কিশোর। খুনের পর পৌশাচিক আনন্দে দু’হাত তুলে নাচ করতে দেখা যায় কিশোরকে। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ঘটনার একটি ভিডিও।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলছে, উত্তর-পূর্ব দিল্লির ওয়েলকাম এলাকায় ঘটনাটি ঘটে। মাত্র ৩৫০ রূপির জন্য দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়। অভিযুক্ত কিশোর ওই তরুণের কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করছিল। তিনি বাধা দিলে তাদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। অভিযুক্ত কিশোর গলা টিপে ধরে ভুক্তভোগীকে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপরই পকেট থেকে ছুরি বের করে কোপাতে শুরু করে। খুনের পর যুবকের মৃতদেহের ওপরেই দাঁড়িয়ে নাচ করে অভিযুক্ত।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোর নিহত ওই তরুণকে কমপক্ষে ৬০ বার কুপিয়েছিল। চুরির উদ্দেশ্য নিয়েই হামলা চালিয়েছিল অভিযুক্ত, এমনটাই অনুমান।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, খুনের পর অভিযুক্ত দেহটিকে টেনে একটি গলির ভিতরে নিয়ে যায়। সেখানে ফের তার গলায় আরও কয়েকবার কোপ মারে। এরপর নিহতের মাথায় কয়েকবার লাথি মারে এবং দেহের ওপরে দাঁড়িয়ে নাচতে শুরু করে অভিযুক্ত।
দিল্লি পুলিশের উপ-কমিশনার (উত্তরপূর্ব) জয় তিরকি জানান, রাত ১১টা ১৫ মিনিটের দিকে তাদের কাছে খবর আসে এই ঘটনার। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। অভিযুক্তকে আটক করা হয়েছে। সূত্র: এনডিটিভি।
