আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রির সময় একদিন বাড়ানো হয়েছে। গত সোমবার থেকে শুরু হওয়া ফরম বিক্রির শেষদিন ছিল গতকাল বৃহস্পতিবার। কিন্ত বিএনপির চলমান অবরোধ কর্মসূচীর কারণে অনেক নেতাকর্মীই ফরম কিনতে আসতে পারেননি তাই ১ দিন সময় বাড়ানো হয়েছে বলে দলটির দপ্তর থেকে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার পর্যন্ত বনানীতে দলটির চেয়ারম্যান জিএম কাদেরের কার্যালয় থেকে ৪ দিনে জাপা মোট ১ হাজার ৭৩৭ টি ফরম বিক্রি করেছে। এ থেকে দলটির আয় হয়েছে ৫ কোটি ২১ লাখ ১০ হাজার টাকা। এরমধ্যে ২০ নভেম্বর ৫৫৭টি, ২১ নভেম্বর ৬২২টি, ২২ নভেম্বর ৩৩১টি এবং আজ ২৩ নভেম্বর ২২৭টি মনোনয়ন ফরম গ্রহণ করেছেন দলের মনোনয়ন প্রত্যাশীরা।
তবে চতুর্থ দিন শেষেও মনোনয়ন ফরম কিনেননি দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এবং তার অনুসারীরা। এ বিষয়ে জানতে চাইলে জাপা মহাসচিব জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু দেশ রূপান্তরকে বলেন, আমাদের দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসন থেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। তিনি এর মধ্যে লোক পাঠিয়ে এই মনোনয়ন সংগ্রহ করবেন অথবা আমরা তাকে পাঠাবো।
এদিকে ২৪ নভেম্বর থেকে প্রতিদিন মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। ২৪ নভেম্বর রংপুর ও রাজশাহী বিভাগ, ২৫ নভেম্বর খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ, ২৬ নভেম্বর ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
