ওয়ানডে ছেড়ে টি২০ তে মেতে ওঠার সময় হয়েছে ক্রিকেটপ্রেমীদের। বিশাখাপাটনামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল হারের ক্ষত সারার আগেই আরও একবার অস্ট্রেলিয়াকে পেয়ে তাদের টস জিতে ব্যাটিংয়ে পাঠায় ভারত। জশ ইংলিসের দ্রুততম সেঞ্চুরির সুবাদে ৩ উইকেটে বোর্ডে ২০৮ রান জড়ো করেছে অস্ট্রেলিয়া।
৩১ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ১৩০ রানের দারুণ জুটি গড়ে তোলেন স্টিভেন স্মিথ ও জশ ইংলিস। সঙ্গে বাড়তি পাওনা হিসেবে যোগ হয় ভারতীয় ক্রিকেটারদের বাজে ফিল্ডিংয়ের মহড়া। রবি বিষ্ণয় একাই ক্যাচ ছাড়েন দুটো। তাতে ফিফটি তুলে নেন স্মিথ। ৮ চারে ৪১ বলে ৫২ রান করে রানআউট হয়ে ফেরেন তিনি।
অন্যপ্রান্তে দারুণ এক রেকর্ড করেন জশ ইংলিস। মাত্র ৪৭ বলে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টি২০ সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার । তাতে দেশটির হয়ে আন্তর্জাতিক টি২০তে দ্রুততম সেঞ্চুরি করার তালিকায় পাশে বসলেন অ্যারন ফিঞ্চের। সেঞ্চুরির পর ৫০ বলে ১১০ রান করে আউট হন তিনি। ইনিংস সাজানো ১১টি চার ও ৮টি ছয়ে।
২০১৩ সালে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম অজি ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন ফিঞ্চ। দশ বছর পর তাতে ভাগ বসালেন ইংলিস। সেঞ্চুরির পর ৫০ বলে ১১০ রান করে আউট হন তিনি। ইনিংস সাজানো ১১টি চার ও ৮টি ছয়ে।
শেষ দিকে টিম ডেভিড ১৩ বলে ১৯ রান করেন। প্রসিধ কৃষ্ণা ও রবি বিষ্ণয় একটি করে উইকেট পান। ২০৯ রানের লক্ষ্য তাড়ায় নামবে ভারত।
