গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকায় ‘টু গাজা ফ্রম ঢাকা’ কনসার্ট অনুষ্ঠিত হবে আজ শুক্রবার। রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়টারে এই কনসার্টের আয়োজন করছে আর্টিস্ট এগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট। শুরুতে এ কনসার্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে হওয়ার কথা থাকলেও পরে ভেন্যু বদল করা হয়।
শিল্পীদের মধ্যে এতে গাইবেন—মাশা ইসলাম, শাফায়েত, আসির আরমান, রেজাউল করিম লেমন, ব্ল্যাক জ্যাং, মুয়িজ মাহফুজ, অভিষেক ভট্টচার্য্য ও আহমেদ হাসান সানি। অন্যদিকে ব্যান্ডের মধ্যে থাকবেন মাকসুদ ও ঢাকা, আর্ক, অ্যাভয়েড রাফা, নেমেসিস, ইন্দালো, মেঘদল, সহজিয়া, কার্নিভাল, হাইওয়ে, হাতিরপুল সেশনস, ফিরোজ জং, মরুভূমি ও মুনফ্লাওয়ার।
এটি একটি চ্যারিটি কনসার্ট। এর টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। যদি কেউ এর বেশি অর্থ সাহায্য করতে চান, সে ব্যবস্থাও রেখেছেন আয়োজকরা। কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে Get Set Rock এর ওয়েবসাইটে।
গণহত্যাবিরোধী এ কনসার্ট থেকে অর্জিত পুরো অর্থই ‘রেড ক্রিসেন্ট’ অথবা ‘প্যালেস্টাইন চিলড্রেন্স ফান্ড’-এ দেওয়া হবে বলে জানা গেছে। আয়োজকদের আশা এ অর্থ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের বেসামরিক জনগণের খাবার ও চিকিৎসার জন্য পাঠানো যাবে।
