বাংলাদেশের প্রখ্যাত ফটোসাংবাদিক শহিদুল আলমের ফেসবুক পোস্টের জেরে জার্মানির তিনটি শহরে হতে যাওয়া ছবির প্রদর্শনী বন্ধ হয়ে গেছে। তিনি ওই প্রদর্শনীর সহ-তত্ত্বাবধায়ক ছিলেন। ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের নির্বিচার হামলার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু পোস্ট করেন তিনি। এসব পোস্টে তিনি ইহুদি-বিদ্বেষী মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছে জার্মানির ওই তিন শহরের কর্তৃপক্ষ।
এক প্রতিবেদনে আর্ট নিউজ জানিয়েছে, জার্মান ভিত্তিক একটি ছবি প্রদর্শনীর সহ-তত্ত্বাবধায়ক ছিলেন শহিদুল আলম। তবে তার ফেসবুক পেজে তিনি সম্প্রতি ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে কিছু পোস্ট করেছে। এসব পোস্টে গাজায় ইসরায়েলের হামলাকে হলোকাস্টের সঙ্গে তুলনা করেছেন। পোস্টে তিনি গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলেও অভিযোগ করেন। এসব পোস্টকে ইহুদি-বিরোধী ও ইহুদি-বিদ্বেষী পোস্ট বলে অভিযোগ করেছে জার্মান তিন শহর ম্যানহেইম, লুডভিগশাফেন এবং হাইডেলবার্গ কর্তৃপক্ষ।
এই তিনটি জার্মান শহরের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, শহিদুল আলমের সাথে তাদের ‘বিশ্বাসের সম্পর্ক’ তার পোস্টের পরে ‘ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে’। বিবৃতিতে আরও বলা হয়েছে, এ বিষয়ে আলম এবং তার দুই সহযোগী তানজিম ওয়াহাব ও মুনেম ওয়াসিফের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেন। তারপরও শহিদুল আলম এ ধরণের পোস্ট করেছেন। এর জেরে ছবির প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে।
