এপ্লাস্টিক এনিমিয়া রোগে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। (শুক্রবার) সকাল ১০টায় গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে তার নানাবাড়িতে মারা যায় বলে জানিয়েছেন সহপাঠীরা।
মৃত শিক্ষার্থীর নাম শিহাব মিয়া। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে উপজেলায়। তার বাবার নাম সাইফুল ইসলাম এবং মার নাম বিউটি বেগম। তিন ভাই-বোনের মধ্যে শিহাব ছিলেন পরিবারের বড় সন্তান।
শিহাবের সহপাঠী ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন এপ্লাস্টিক এনিমিয়া রোগে ভুগেছিলেন শিহাব। তার শারীরিক অবস্থার অবনতি দেখে চিকিৎসক হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে থাকা অবস্থায় শিহাব আজকে আমাদের ছেড়ে চলে যায়।
শিহাবের মৃত্যুতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মহিউদ্দিন শোক জানিয়ে বলেন, আমরা আজকে সকালে শুনেছি শিহাব আমাদের মাঝে আর নেই। আমরা সত্যি একজন মেধাবী শিক্ষার্থীকে হারিয়ে শোকাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিদায় আত্মার মাগফেরাত কামনা করি।
