আগামী ডিসেম্বরে বিয়ের দুই বছর হতে যাচ্ছে ক্যাটরিনা-ভিকি দম্পতির। বিয়ের আগে অবশ্য প্রেমের সম্পর্কের পাঠ চুকিয়েছেন কিন্তু সম্পর্ক নিয়ে কোথাও কথা বলেননি। তবে শোনা গেল, বিয়ের দুইদিন আগে নাকি বিয়ের মত পাল্টে ফেলতে চেয়েছিলেন ক্যাট।
ক্যাট ও ভিকির বয়সের পার্থক্য বছর পাঁচেকের। বলিউডে পেশাদার অভিনেতা হিসাবে ভিকির থেকে অনেকটাই বেশি অভিজ্ঞ ক্যাটরিনা। শুধু তাই নয়, বলিউডের সুপারস্টারদের তালিকাতেও প্রথমের দিকে নাম থাকে নায়িকার। সারা বছরই কর্মব্যস্ত তিনি। সিনেমা ছাড়াও রয়েছে বিজ্ঞাপনের কাজ। বিয়ের পর সেভাবে কোনও বিরতি না নিয়েই শুরু করে দেন ‘টাইগার ৩’-এর শুটিং।
কিন্তু বিয়ের দিন দুয়েক আগে যখন ভিকিকে ‘জারা হাটকে জারা বাঁচকে’ ছবির নির্মাতারা শুটিংয়ে আসার জন্য জোরাজুরি শুরু করেন, ক্যাটরিনা বেঁকে বসেন। তিনি ভিকিকে বলেন, ‘বিয়ের দু’দিন আগে যদি শুটিংয়ে যাও, তা হলে এখন বিয়েটা করার দরকার নেই।’ ক্যাটরিনার এমন অভিমান দেখে আর কোনও কথা বাড়াননি ভিকি। একেবারে বিয়ের পরেই সারা আলি খানের সঙ্গে এই ছবির বাকি শুটিং শেষ করেন।
১ ডিসেম্বর মুক্তি পাবে ভিকির নতুন ছবি ‘স্যাম বাহাদুর’। এই ছবিতে প্রয়াত সেনাপ্রধান, ফিল্ড মার্শাল স্যাম মানেকশর চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। চার দশক ধরে বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন স্যাম। ভারতের ইতিহাসে তিনিই একমাত্র সেনাপ্রধান যাকে ফিল্ড মার্শালের পদে সম্মানিত করা হয়েছিল। ১৯৭১ সালে তার নেতৃত্বে ভারত-পাকিস্তান যুদ্ধে সাফল্য আসে। বাংলাদেশ তৈরি হওয়ার পিছনে যার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। ২০০৮ সালে মৃত্যু হয় স্যামের।
