হাঁটতে গিয়ে সেফটিক ট্যাংকে পড়ে দাদা-নাতির মৃত্যু

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৪:৫৪ পিএম

লক্ষ্মীপরের রামগঞ্জ উপজেলায় হাঁটতে বের হয়ে একটি পরিত্যক্ত সেফটিক ট্যাংকে পড়ে দাদা-নাতির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন,  সফি উল্যাহ (৬০) ও নাতি ওমর ফারুক (২)।

স্থানীয়রা জানায়, সফি তার নাতি ফারুককে নিয়ে সকালে হাঁটতে বের হন। দীর্ঘ সময় পার হওয়ার পরও তারা বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন খুঁজতে বের হয়। পরবর্তীতে নুনিয়াপাড়া গ্রামের মাদারবাড়ির বাগানের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে মৃত অবস্থায় দাদা-নাতিকে উদ্ধার করা হয়।

সফি উল্যাহর স্ত্রী মনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, প্রায় সময় দাদা-নাতি হাঁটতে বের হতো। তারা এভাবে আমাদের কাছ থেকে চলে যাবে তা মানতে পারছি না। আল্লাহ কেন আমাদের সাথে এমন করলো। এর আগে গুলিস্তানের বঙ্গবাজারে আগুন লেগে ছেলে বাবুর ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে এখন নিঃস্ব হয়ে পড়েছে। সফি ও ফারুকের মৃত্যুতে পরিবারের সবাই ভেঙে পড়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন,খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখার জন্য ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো  হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত