বার বার পিছিয়ে যাচ্ছে সেই ৪১ জনের উদ্ধার কাজ  

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম

ভারতের উত্তরাখণ্ডের ধসে পড়া টানেলের ভেতর আটকে পরা সেই ৪১ শ্রমিককে ১৪ দিনেও উদ্ধার করা যায়নি। শ্রমিকদের বের করে আনতে আবারও বাধার মুখে পড়েছে উদ্ধারকারী দল। শনিবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৪ নভেম্বর) রাতে টানেলের ভেতরে লোহার পাইপে ধাক্কা লাগায় থামিয়ে দেওয়া হয় উদ্ধারকাজ। ক্ষতিগ্রস্ত হয় ড্রিলিংয়ে ব্যবহৃত অগার মেশিনের ব্লেড। বার বার এই মেশিন নিয়ে সমস্যায় পড়ছিল উদ্ধারকারী দল।

এরপর শনিবার উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হলো, টানেলে আর অগার মেশিন ব্যবহার করা হবে না। এবার শ্রমিক দিয়েই পাথর-মাটি খনন করা হবে।

টানেলের মাত্র ১০ শতাংশ ড্রিলিং বাকি রয়েছে। শ্রমিকরা এই অংশের মাটি কোদাল দিয়ে খনন করবে। তবে এটি যথেষ্ট সময়সাপেক্ষ। ১৮ থেকে ২৪ ঘণ্টা সময় লাগতে পারে এই অংশের খনন করার জন্য। রবিবার থেকে ম্যানুয়াল ড্রিলিং শুরু করা হতে পারে। আপাতত টানেলের ভেতর থেকে অগার মেশিনের ভাঙা অংশ বের করে আনা হচ্ছে। এবার এই মেশিন ব্য়বহার করা হবে টানেলে খোঁড়া গর্তের মধ্যে পাইপ ঢোকানোর জন্য।

উদ্ধারকারী কর্তৃপক্ষ বলছে, আটকে থাকা শ্রমিকদের সঙ্গে উদ্ধারকারী দলের মধ্যে দূরত্ব মাত্র ১০ থেকে ১২ মিটার। এই অংশটুকু শ্রমিকরা কোদাল দিয়ে খনন করবে। আপাতত যে পরিকল্পনা করা হয়েছে, তাতে পাইপের ভেতরে দুইজন শ্রমিককে পাঠানো হবে। একজন শ্রমিক মাটি কাটবেন, অপরজন সেই মাটি-পাথরগুলো বাইরে বের করে আনায় সহযোগিতা করবেন। যে স্ট্রেচারে দড়ি বেঁধে শ্রমিকদের টেনে বের করে আনার পরিকল্পনা ছিল, সেই স্ট্রেচারেই ভাঙা মাটি-পাথর বের করে আনা হবে।

অন্যদিকে, ভার্টিকাল বা উল্লম্ব ড্রিলিংয়ের কাজও শুরু করা হচ্ছে সিলকিয়ারা টানেলে। এবার টানেলের উপর থেকে খনন করা হবে। এর জন্য বিশেষ মেশিনও আনা হয়েছে। আজ থেকেই এই খননকাজ শুরু হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত