এমপি প্রার্থী হতে সিংগাইর উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১০:১৯ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর-সদরের আংশিক) আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মুশফিকুর রহমান খান।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেহেনা আকতারের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের এই সদস্য এরইমধ্যে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

পদত্যাগপত্রটি গৃহিত হয়েছে দাবি করে মুশফিকুর রহমান খান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকেই রাজনীতি করে আসছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য রেখে এখনও রাজনীতি করছি। এ কারণে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে। এ ছাড়া পর পর দুবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে জনগণের পাশে আছি। মানিকগঞ্জ-২ আসনের মানুষ এবার পরিবর্তন চায়। এ কারণে আমি মনোনয়ন চাচ্ছি। আশা করি দলীয় মনোনয়ন পাব।

জেলার তিনটি আসনের মধ্যে মানিকগঞ্জ-২ আসনে এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী ১২ জন। সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়ন ১টি পৌরসভা, হরিরামপুর উপজেলার ১৪টি ইউনিয়ন ও মানিকগঞ্জ সদর উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত মানিকগঞ্জ-২ আসনে বর্তমান এমপি হলেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

মুশফিকুর রহমান খান ছাড়াও এ আসনে আরো যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন টুটুল, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও হাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মনির হোসেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তারিকুর রহমান চৌধুরী (উইলটন), বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. তানভীর আহাম্মেদ, বাংলাদেশ হকার্স লীগের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জাকারিয়া হানিফ ও বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইঞ্জিনিয়ার সারোয়ার আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত