শুক্রবার (২৪ নভেম্বর) সকাল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার দিনের সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়েছে। কাতারের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতির মধ্যদিয়ে গাজায় হামলা ও বোমাবর্ষণ বন্ধ রেখেছে ইসরায়েলি বাহিনী।
তবে বোমা হামলা বন্ধ হলেও চলমান যুদ্ধবিরতির মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি স্থল বাহিনী। আর অভিযানের সময় ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।
শনিবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরা।
প্রতিবেদনে আল জাজিরা ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানায়, শনিবার জেনিনে দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছে।
এছাড়া শনিবার ভোরে জেনিনের কাছে কাবতিয়া এলাকায় ২৫ বছর বয়সী একজন ফিলিস্তিনি চিকিৎসককে হত্যা এবং রামাল্লার নিকটবর্তী স্থানে আরও এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান আরও বৃদ্ধি পেয়েছে। গত দেড় মাসে এই অঞ্চলে ৫২ শিশুসহ অন্তত ২২৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরও অনেক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সৈন্যরা।
