দিল্লিতে কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক কেন, প্রশ্ন রিজভীর

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৮:৪৩ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে দিল্লিতে ৯০ দেশের কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের বৈঠক বিস্ময়কর বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেছেন, ‘পররাষ্ট্র সচিব দিল্লিতে ৯০ টি দেশের কূটনৈতিকদের সাথে বৈঠক করেছেন। বাংলাদেশে কি সেই সমস্ত দেশের দূতাবাসগুলো নেই? দিল্লিতে গিয়ে বৈঠক করতে হলো কেন? ভারতই কেনো বা আয়োজন করে দিল?’

আজ রবিবার (২৬ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘ভারত যদি গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে থাকে তাহলে তো তাদের বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের পক্ষে থাকার কথা ছিল। আজকে তো ইউরোপ আমেরিকা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের পক্ষে স্বোচ্চার। যে সরকারের একদলীয় দুঃশাসনে দেশের সাধারণ মানুষ সবাই পিষ্ট সেই সরকারের পক্ষে কাজ করানোর জন্য দিল্লিতে ৯০ টি দেশের কূটনৈতিকদের বৈঠক আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে। আমি বিস্মিত হয়েছি।’

এর আগে সকালে রাজধানীতে এক ঝটিকা মিছিল শেষে সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতের অবস্থানের সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘ভারত সরকার ও তাদের দেশের রাজনীতিবিদদের বোঝা উচিত, বাংলাদেশের জনগণ কেন তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। ভারতের উচিত জনগণের পক্ষে অবস্থান নেওয়া। একটি কর্তৃত্ববাদী সরকারকে সমর্থন দিয়ে তারা (ভারত) বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

‘আগুন সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না-প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিকেলের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন আগুন সন্ত্রাসীকে ছাড় দেয়া হবে না। ছাড়তো ইতিমধ্যে আপনি দিয়েছেন আসল অপরাধীকে। এখন মিথ্যা অপবাদ দিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে ধরবেন নির্যাতন করে অন্য নেতাদের নাম বলাবেন। প্রধানমন্ত্রী মনে করেছে তিনি যা বলেন অবলীলায় দেশের জনগণ তা বিশ্বাস করে। বাস্তবে তারা যা বলেন মানুষ তার উল্টোটা ভাবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত