কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়ন পেলেন বিপ্লব হাসান পলাশ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১০:৩৮ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ কুড়িগ্রাম-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

রবিবার বিকেল ৪টার পর রাজধানীর ধানমণ্ডিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

কুড়িগ্রাম-৪ আসনের বর্তমান সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এবার এই আসন থেকে মনোনয়ন পাননি।

কুড়িগ্রাম জেলার রাজিবপুর, রৌমারী ও চিলমারী উপজেলা নিয়ে ২৮ কুড়িগ্রাম-৪ আসনটি গঠিত হয়েছে।

স্বাধীনতার পর এ আসনে জাতীয় পার্টির আধিপত্য ছিল দীর্ঘ সময় ধরে। তবে ২০০৮ জাকির হোসেন আওয়ামী লীগ থেকে প্রথম নির্বাচিত হন এবং ২০১৮ সালে দ্বিতীয় বারের মতো এই আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এবার নির্বাচনের দলীয় মনোনয়ন নিয়ে আলোচনায় থাকা জাকির হোসেনসহ অন্যান্য নেতাদের টপকে মনোনীত হলেন বিপ্লব হাসান পলাশ।

পলাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হল ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। পরে বাংলাদেশ ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। আইন বিভাগের ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদের সভাপতিও ছিলেন তিনি। পরে যুবলীগে যোগ দেন এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। পরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য হন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত