চীনা-মালয়েশীয় কোম্পানির ১.৪৫ কোটি ডলার বিনিয়োগ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০২:১৮ এএম

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) পরিচালিত শিল্পাঞ্চলগুলোর উৎপাদিত পণ্যসম্ভারে যুক্ত হলো বৈচিত্র্যময় আরেকটি পণ্য। নতুন এই পণ্যটি ম্যাট্রেস, যা বেপজার সর্ববৃহৎ প্রকল্প বেপজা অর্থনৈতিক অঞ্চলে উৎপাদিত হতে যাচ্ছে। চীন-মালয়েশিয়া মালিকানাধীন ভারনন অ্যান্ড অলিভার ফার্নিচার কোম্পানি লিমিটেড ১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে বেপজা অর্থনৈতিক অঞ্চলে এই পণ্যটি উৎপাদন করবে। এই লক্ষ্যে গতকাল ঢাকার বেপজা কমপ্লেক্সে বেপজা এবং ভারনন অ্যান্ড অলিভার ফার্নিচার কোম্পানি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং ভারনন অ্যান্ড অলিভার ফার্নিচার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লি ওয়াই ছং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বেপজার ইপিজেডগুলো এবং অর্থনৈতিক অঞ্চলে ম্যাট্রেস তৈরির এটিই হবে প্রথম কারখানা। এই প্রতিষ্ঠানটি বার্ষিক ১ লাখ ৮০ হাজার পিস স্প্রিং ম্যাট্রেস এবং ফোম ম্যাট্রেস উৎপাদন করবে। কারখানাটিতে ৬০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

পোশাকশিল্পের ওপর একক নির্ভরশীলতা কমিয়ে বৈচিত্র্যময় পণ্য উৎপাদনের জন্য বেপজা বিনিয়োগকারীদের উৎসাহিত করে। চুক্তি স্বাক্ষরকৃত এই প্রতিষ্ঠানসহ ২৪টি প্রতিষ্ঠানকে বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের অনুমতি দিল বেপজা, যাদের অধিকাংশই বৈচিত্র্যময় পণ্য উৎপাদন করবে। প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৫১ কোটি ২ লাখ মার্কিন ডলার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে নির্বাহী পরিচালক (প্রশাসন) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত