আওয়ামী লীগের দু গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের সিএন্ডবি ঘাট নৌ বন্দরের টোল ঘরে হামলার ঘটনা ঘটেছে। রবিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের সিএন্ডবি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
এঘটনায় টোল ঘরের খাজনা আদায়কারীকে মারপিট ও খাজনার টাকা লুট করে নেয়ার অভিযোগ করেছে টোল ঘরের খাজনা আদায়কারী।
স্থানীয়ভাবে জানা যায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার ডিক্রিরচর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু এবং একই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আবু ফকিরের সাথে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে রবিবার রাতে আবু ফকিরের সমর্থকেরা টোল ঘরের পাশ দিয়ে মিছিল নিয়ে যাবার সময় টোলঘরের সামনে থেকে আওয়ামী লীগকে নিয়ে বাজে মন্তব্য করায় দু’গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে আবু ফকিরের সমর্থকেরা তাকে মারপিট করে। পরে টোলঘরের মধ্যে খাজনা আদায়ের টাকা লুট করে নেয়ার অভিযোগ করে টোল আদায়কারীরা।
বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সরকারী টোল ঘরের মধ্যে হাতাহাতির এবং টাকা লুটের ঘটনা দূঃখজনক। এ ঘটনার সাথে জরিতদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।
তবে এঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু ফকির বিষয়টি অস্বীকার করে বলেন, টোল ঘরের ভেতরে এমন কোনো ঘটনা ঘটেনি। এমনকি টাকা লুটের ঘটনা ঘটার কোনো প্রশ্নই আসে না। তবে টোলঘরের সামনে রাস্তায় উপর টোল ঘরের লোকদের সাথে কথা কাটাকাটি হয়।
টোর ঘরের দায়ীত্বরত শুল্ক প্রহরী আক্তারুজ্জামান বলেন, এ ঘটনার ব্যাপারে রাতে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সকালে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে পরিস্থিতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
সিএন্ডবি ঘাট টোল ঘরে হামলা এবং মারপিটের ঘটনার খরব পেয়ে কোতয়ালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। কোতয়ালী থানার পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
