প্রাকৃতিক গ্যাসের চুরি ও অপচয় রোধে গ্রাহক পর্যায়ে আরও ১১ লাখ ৩৫ হাজার প্রিপেইড গ্যাস মিটার স্থাপনের উদ্যোগ নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এরমধ্যে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জন্য ৭ লাখ এবং কর্নফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্রাহকদের জন্য ৪ লাখ ৩৫ হাজার প্রিপেইড মিটার স্থাপন করা হবে।
আজ সোমবার (২৭ নভেম্বর) সচিবালয়ে জ্বালানি বিভাগ ও জাপান ব্যাংক ইন্টারন্যাশনাল ফর কো-অপারেশন (জেবিক)-এর মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।
কৌশলগত সহযোগিতা বিষয়ে নন-বাইন্ডিং সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিন বছরের জন্য স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মোছা. লায়লাতুন ফেরদৌস ও জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন ব্যাংকের দিল্লীস্থ প্রধান প্রতিনিধি কোরিহারা তুশিহিকো সই করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম ও জেবিক এর মহাপরিচালক সুজুকি রাইউতা।
