দেশে জ্বালানি সংকট ও পাম্পে দীর্ঘ লাইনের জন্য তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতিকে দায়ী করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, জ্বালানি সচিব যে নির্দেশনা দিয়েছেন, তা অনেক ক্ষেত্রে যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি।
শনিবার (২ মে) রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইনের পেছনে “কৃত্রিম বা আর্টিফিশিয়াল” কারণ ছিল। এতে কারও কারও রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও তিনি সন্দেহ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, “আবার আমাদের লোকজনও ঠিকমতো কাজ করতে পারেনি। যদি ঠিকভাবে কাজ হতো, তাহলে এ ধরনের লাইন থাকতো না। এখন তো আর সেই পরিস্থিতি নেই।”
দায়িত্ব নেওয়ার ৭৫ দিন পার হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তিনি বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি খাতেই বেশি মনোযোগ দিচ্ছেন। একই সঙ্গে খনিজ সম্পদ বিভাগেও এবার প্রথম কাজ করার সুযোগ পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে মেগা বাজেট হলেও গত ২০ বছর ধরেই এ ধরনের বাজেট হচ্ছে। তবে গবেষণা খাতে বরাদ্দ কম হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “যে দেশ গবেষণায় পিছিয়ে থাকে, তারা সারাজীবনই অন্যের ওপর নির্ভরশীল থাকতে বাধ্য হয়।”
