বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হককে আরও আগেই ফেরাতে পারত নিউজিল্যান্ড। এজাজ প্যাটেল পেয়েছিল সুবর্ণ সুযোগ। মুমিনুলকে 'মানকাড' আউট করে দিতে পারতেন তিনি সহজেই। কিন্তু 'স্পিরিট অব ক্রিকেট' এর কথা ভেবে বোধহয় সেই সুযোগটি নেননি নিউজিল্যান্ড স্পিনার।
মানকাডিং করা নিয়ে বিশ্ব ক্রিকেটে আলোচনা কম হয় না। এজাজ আলোচনার জন্ম দিলেন এভাবে মুমিনুলকে না ফিরিয়ে।
সিলেটে আজ প্রথম টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে ঘটেছে এই কান্ড। বাংলাদেশের ইনিংসে ৩৯তম ওভারের খেলা চলছিল। এজাজ ওভারের পঞ্চম ডেলিভারিটি করতে এসে হাত থেকে বল ছাড়েননি। ততক্ষণে মুমিনুল ক্রিজ ছেড়ে বেরিয়ে খানিক দূরে চলে যান। ইচ্ছা করলেই এজাজ তাকে রানআউট করতে পারতেন। কিন্তু সেটা না করে মুমিনুলের দিকে চেয়ে মুচকি হেসে তিনি তার বোলিং মার্কে ফিরে যান।
এই ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বেশিরভাগ ক্রিকেটপ্রেমীই এটাকে দেখছেন এজাজ প্যাটেলের ক্রিকেটীয় চেতনার অসাধারণ উদাহরণ হিসেবে। মুমিনুল সেই সময় ১৩ রানে অপরাজিত ছিলেন।
এরপরও অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি মুমিনুল। গ্লেন ফিলিপসের বলে কট বিহাইন্ড হন ৪টি চারে ৭৮ বলে ৩৭ রান করে।
বল ডেলিভারি দেওয়ার আগে নন–স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলে রানআউট করতে পারেন বোলার। ভারতের ভিনু মানকড় এই আউট প্রথম করেছিলেন বলে তার নাম অনুযায়ী এই ধরনের আউটকে বলা হয় মানকাডিং।
