‘মা’ ডেকে সম্মান দিয়েছেন, চিরকাল কৃতজ্ঞ থাকব: সোনিয়া

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৬:২৯ পিএম

আগামী বৃহস্পতিবার থেকে ভারতের তেলেঙ্গানায় শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। তার ঠিক আগে কংগ্রেসের জন্য ভোট চাইলেন দলটির প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী।

পাশাপাশি জানালেন, তেলেঙ্গানার মানুষ তাকে মা বলে ডাকায় তিনি গর্বিত। নির্বাচনী প্রচারে যেতে না পারলেও এমন বার্তাই পাঠালেন সোনিয়া।

তিনি বলেন, আমি তেলেঙ্গানায় আমাদের ভাই-বোন ও ছেলে-মেয়েদের অনুরোধ করছি পরিবর্তনের পক্ষে ভোট দিন। কংগ্রেসকে ভোট দিন। 

তেলেঙ্গানার জনগণকে উদ্দেশ্যে সোনিয়া বলেন, আপনারা আমাকে ‘মা’ বলে ডেকে আমাকে অনেক সম্মান দিয়েছেন। আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। আমি প্রচারণায় আসতে পারিনি। কিন্তু আপনারা সবাই আমার হৃদয়ের খুব কাছাকাছি রয়েছেন।

নির্বাচনী বার্তায় তেলেঙ্গানার জন্মের প্রসঙ্গও তোলেন সোনিয়া। তিনি বলেন, কংগ্রেস কথা রেখেছে। যে সময় অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা বিভক্ত হয়, তখন ওই রাজ্যে ক্ষমতা ছিল তাদের হাতেই।

এরপর রাজ্যের ক্ষমতায় যায় কে চন্দ্রশেখর রাওয়ের দল বিআরএস। এবার টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসতে চাইছেন তিনি। তাই সংশ্লিষ্টদের ধারণা, কে চন্দ্রশেখর রাওকে গদিচ্যুত করতে কংগ্রেসকে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত