প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর দ্বারপ্রান্তে পৌঁছে একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামে অস্ট্রেলিয়া। গৌহাটির বরষাপাড়া স্টেডিয়ামে টস ভাগ্যও পাশে পান অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথিউ ওয়েড। ভারতকে পাঠান আগে ব্যাটিংয়ে। অস্ট্রেলিয়ার বোলারদের কাঁদিয়ে ৩ উইকেট হারিয়ে আবারও ২২২ রানের পাহাড় সংগ্রহ জড়ো করে ভারত।
গত ম্যাচে বিশাখাপত্তমে ঝড় তুলেছিলেন ভারতীয় টপ অর্ডারের প্রথম তিন ব্যাটার। তবে এদিন জ্বলে উঠতে পারেননি যশস্বী ও ইশান। যশস্বী ৬ রান করলেও ইশান ফেরেন রানের খাতা খোলার আগেই। তবে আরেক ওপেনার রুতুরাজ গায়কোয়াড় সব আলো টেনে নেন নিজের দিকে।
৫২ বলে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টিটোয়েন্টি সেঞ্চুরি করেন রুতুরাজ। ভারতের নবম ব্যাটসম্যান হিসেবে এ কীর্তি গড়লেন তিনি। অপরাজিত থাকেন ৫৭ বলে ১২৩ রান করে। ১৩টি চারের সঙ্গে ৭টি ছক্কা হাঁকান রুতুরাজ। আন্তর্জাতিক টিটোয়েন্টিতে এটি ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এদিন প্রথম ২২ বলে মাত্র ২২ রান করেন রুতু। কিন্তু পরের ৩৫ বলে প্রায় ২৯০ স্ট্রাইক রেটে করেন ১০১ রান।
সূর্যের সঙ্গে ৫৭ রানের জুটি গড়ার পর তিলক ভার্মার সঙ্গে গড়েন ৫৯ বলে অপরাজিত ১৪১ রানের জুটি। বরাবরের মতোই টিটোয়েন্টিতে ফর্ম দেখিয়েছেন অধিনায়ক সূর্যকুমার। ২৯ বলে ৫ চার ও ২ ছয়ে ৩৯ রান আসে তার ব্যাট থেকে। তিলক অপরাজিত থাকেন ২৪ বলে ৩১ রানে।
