জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় বন্যা আশ্রয়ণ কেন্দ্রের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শহিদুল ইসলাম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার হেল্লাবাড়ি গ্রামের গুলজার হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বন্যা আশ্রয়ণ কেন্দ্রের নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন শহিদুল ইসলাম। এক পর্যায়ে তিনি ছাদ থেকে মাটিতে পড়ে যায়। এ সময় নির্মাণ শ্রমিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খাঁন জানান, নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
