দুই উইকেট ও উইলিয়ামসনের ক্যাচ ছাড়ার আক্ষেপের সেশন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০২:৩৭ পিএম

প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও নিউজিল্যান্ডের দুই উইকেট নিয়েছে বাংলাদেশ। সংখ্যাটা এবার বাড়তে পারত আরও। বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ ছাড়ার পাশাপাশি বেশ কয়েকবার অল্পের জন্য বেঁচে গেছেন কিউই ব্যাটসম্যানরা।

চা বিরতি পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৬৮ রান। দ্বিতীয় সেশনের ২৮ ওভারে ২ উইকেটে ৯০ রান করেছে তারা।

৬৩ রানে তাইজুল ইসলামের হাতে সহজ ক্যাচ দিয়েও বেঁচে যাওয়া কেন উইলিয়ামসন অপরাজিত রয়েছেন ৬৬ রানে। টম ব্লান্ডেল খেলছেন ১ রানে।

এই সেশনের শুরুর দিকে দ্বিতীয় স্পেলে ফিরেই হেনরি নিকোলসকে আউট করেন শরিফুল ইসলাম। পরে ৪১ রান করা ড্যারিল মিচেলকে ফেরান তাইজুল। মিচেল অবশ্য আরও আগে ফিরতে পারতেন। কিন্তু কট বিহাইন্ডের আবেদনে রিভিউ নেয়নি বাংলাদেশ।

মিচেলকে ফেরানোর পরপরই উইলিয়ামসনকে ফেরাত পারত বাংলাদেশ। কিন্তু এবার ভিলেন হলেন তাইজুল। নাঈম হাসানের ফুল লেংথ ডেলিভারি সুইপের চেষ্টা করেন উইলিয়ামসন। ঠিকঠাক খেলতে পারেননি। ক্যাচ উঠে যায় মিড উইকেটে। সহজতম সুযোগটি হাতে জমাতে পারেননি তাইজুল।

শেষ দিকে দুই প্রান্ত থেকেই দারুণ টার্ন পেয়েছেন নাঈম হাসান ও তাইজুল। বেশ কয়েকবার ব্যাটের কানা নেয়নি কিউই ক্রিকেটারদের। শর্ট লেগ, সিলি পয়েন্ট, লেগ স্লিপ ফিল্ডারদেরও কেটেছে ব্যস্ত সময়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত