রাজধানীর বিজয়নগরে ককটেল বিস্ফোরণে স্বেচ্ছাসেবক লীগ সদস্যসহ ২ জন আহত হয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল তাহের ভূঁইয়া মুকুট (৩২) ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার এ,কে আজাদ (৬৪)। আহতদেরকে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত তাহের ভূঁইয়া জানান, তার বাসা সূত্রাপুরে। মোটরসাইকেল নিয়ে বিজয়নগর থেকে বাসায় ফিরছিলেন। তখন বিজয়নগর মেইন রোডে তার মোটরসাইকেলের পাশে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এতে তার ডান পায়ে একটি স্প্রিন্টার লাগে।
এদিকে আহত আজাদ জানান, তার বাসা বনশ্রীতে। কাকরাইল মোড়ে ‘বলাকা প্রেস এন্ড পাবলিকেশন’ নামে একটি প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার তিনি। মতিঝিল এলাকায় কাজ শেষে একটি রিকশাযোগে কাকরাইলের অফিসে ফিরছিলেন। পথে বিজয়নগরে তার রিকশার পাশেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তার পিঠ এবং ডান হাত রক্ত ঝরতে থাকে। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কাকরাইল ইসলামী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সহকর্মীরা পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তাদের দুজনেরই অবস্থা শঙ্কামুক্ত। জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন তারা।
