মারা গেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১১:৩৬ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন কূটনীতির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তাঁকে।

স্থানীয় সময় বুধবার তিনি যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। বার্তা সংস্থা রয়টার্স কিসিঞ্জার অ্যাসোসিয়েটস এর বরাতে নিশ্চিত করেছে এ খবর।

কিসিঞ্জার ছিলেন একজন হার্ভার্ডের একজন অধ্যাপক যিনি পরবর্তীতে রাজনীতিতে নাম লেখান। মার্কিন-সোভিয়েত শীতল যুদ্ধের অন্যতম কারিগর মনে করা হয় তাকে।

তিনি ছিলেন ৫৬তম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং জেরাল্ড ফোর্ড এর আমলে তিনি পররাষ্ট্র সচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন ৮ম মার্কিন জাতীয় নিরাপত্তা পরামর্শক। রাজনীতি করতেন রিপাবলিকান দলে।

দায়িত্ব পালনকালে কখনও কখনও তার বিতর্কিত ভূমিকা বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তোলে। বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধ এবং সোভিয়েত ইউনিয়নের সঙ্গে শীতল যুদ্ধের অনুমতি দেওয়া এবং বরাবরই মার্কিন স্বার্থ এবং দেশীয় রাজনৈতিক সাফল্যকে অগ্রাধিকার দেওয়ায় বিশ্বের ইতিহাসে কুখ্যাত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে স্বীকৃতি লাভ করেন।

কিসিঞ্জার ১৯২৩ সালের ২৭ মে জার্মানির একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবার নাৎসি শাসন আমলে জার্মানি থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যায়। সেখানেই তার বেড়ে ওঠা। এরপর ১৯৪৩ সালে তিনি মার্কিন নাগরিক হন। আর মার্কিন সেনাবাহিনীতে এবং পরে কাউন্টার ইন্টেলিজেন্স কর্পসে তিন বছর চাকরি করেন।

বাংলাদেশের ইতিহাসে হেনরি কিসিঞ্জার তার এক মন্তব্যের জন্য বেশ পরিচিত ছিলেন। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ওয়াশিংটনে দক্ষিণ এশিয়া পরিস্থিতি নিয়ে হওয়া এক বৈঠকে বাংলাদেশে খাদ্য সহায়তার কথা উঠলে কিসিঞ্জার ‘ বাস্কেট কেস ‘ প্রসঙ্গ তোলেন। এরপর থেকে বাস্কেট কেস বা তলাবিহীন ঝুড়ি কথাটা বাংলাদেশের হয়ে যায়।

এছাড়া ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত