দ্রুত দুই উইকেট হারানোর ধাক্কা সামলে বাংলাদেশকে টানছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। তাদের চমৎকার জুটিতে একশ ছাড়ানো লিড পেয়েছে স্বাগতিকরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে আজ ৩৮ ওভারে ২ উইকেটে ১১১ রান নিয়ে দ্বিতীয় সেশন শেষ করেছে বাংলাদেশ। শান্তর দলের লিড এখন ১০৪ রান।
ফিফটির দুয়ারে দাঁড়িয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত। ৫ চারে ৪৮ রানে খেলছেন তিনি। ক্রিজে তার সঙ্গী মুমিনুলের রান ৪টি চারে ৩৮। তাদের দুই জনের অবিচ্ছিন্ন জুটি ৮৫ রানের।
দ্বিতীয় সেশনের শুরুতেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। এজাজ প্যাটেলের বলে এলবিডব্লিউ হন জাকির হাসান। পরে বোলারের হাতে লেগে নন-স্ট্রাইক প্রান্তে দুর্ভাগ্যজনক রান আউট হন মাহমুদুল হাসান জয়। ২৬ রানে ২ উইকেট হারানো দলকে আর বিপদে পড়তে দেননি শান্ত ও মুমিনুল।
