নারায়ণগঞ্জের পাঁচ আসনে ১৩ স্বতন্ত্রসহ ৪৫ জনের মনোনয়নপত্র জমা

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৭ এএম

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসন থেকে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৪৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। এরমধ্যে ১৩ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে গতকাল বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ জানান, বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন বাকীরা আজ (বৃহস্পতিবার) মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসন থেকে ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগ প্রার্থী এবং বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী,স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুইয়া, সহ সভাপতি ও মন্ত্রী গাজীর ছেলে গোলাম মর্তুজা পাপ্পা, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী ফকির মোহাম্মদ আফাজ উদ্দিন মোল্লা মনোনয়ন দাখিল করেন। তৃণমূল বিএনপি মহাসচিব তৈমুর আলম খন্দকার  জাকের পার্টির জুবায়ের আলম, জাতীয় পার্টির সাইফুল ইসলাম আসনে মনোনয়পত্র জমা দিয়েছেন।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন থেকে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি নজরুল ইসলাম বাবু, তৃণমূল বিএনপি থেকে আবু হানিফ, জাকের পার্টির মো: শাহজাহান, স্বতন্ত্র প্রার্থী হাজী মো: শরীফুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলমগীর সিকদার লোটন মনোনয়নপত্র জমা দেন।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকা, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল কায়সার, জাকের পার্টির জামিল মিজি, তরিকত ফেডারেশনের মজিবুর রহমান হানিফ, বিএনএম এর প্রার্থী এ বি এম ওয়ালিউল্লাহ রহমান খান, বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী সিরাজুল হক সিরাজ, বাংলাদেশ সুপ্রিমপার্টির প্রার্থী মোহাম্মদ আসলাম হোসাইন, ইউনাইটেড ডেমোক্রেডিট পার্টির প্রার্থী নারায়ণ দাস, এছাড়া আওয়ামীলীগের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সারের স্ত্রী রুবিয়া সুলতানা, আওয়ামী লীগের তথ্য ও গবেষনা উপ কমিটির সদস্য এইচএম মাসুদ দুলাল, আওয়ামীলীগ নেতা এরফান হোসেন দীপ, মারুফুল ইসলাম ঝলক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান ও জাকের পার্টির মুরাদ হোসেন জামাল, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সালাউদ্দিন খোকা মোল্লা, স্বতন্ত্র পার্টি হিসাবে রাশেদুল ইসলামসহ ১১ জন মনোনয়পত্র জমা দিয়েছেন।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমান, তৃণমূল বিএনপি থেকে আব্দুল হামিদ ভাসানীসহ ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত