নিঃসন্দেহে সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন বিরাট কোহলি। অনেকে তো ভারতীয় তারকাকে রাখেন সর্বকালের সেরাদের কাতারেও। তরুণরা বেড়ে উঠছেন খেলাটির প্রতি তার নিবেদন, দায়বদ্ধতাকে আদর্শ মেনে। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা তো সরাসরিই বললেন, তার ছেলে কোনো ধরনের খেলা খেলতে চাইলে কোহলি থেকে অনুপ্রেরণা নিতে বলবেন।
ক্রিকেটের প্রতি কোহলির নিবেদন নিয়ে কথা হয় প্রায়ই। ৩৬ বছর বয়সেও তিনি অবিশ্বাস্য ফিট। সম্প্রতি অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার বলেছেন, চাইলে ২০৩১ বিশ্বকাপেও খেলতে পারেন কোহলি।
সম্প্রতি ভারতে হয়ে যাওয়া ওয়ানডে বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স করেন কোহলি। বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েন তিনি। ১১ ম্যাচে ৬ ফিফটি ও ৩ সেঞ্চুরিতে করেন ৭৬৫ রান। তার এমন পারফরম্যান্সে অবাক নন লারা।
কলকাতায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস খেলা লারা তুলে ধরেন কোহলির প্রতি তার মুগ্ধতার কথা।
ক্যারিবিয়ান ব্যাটিং গ্রেটের ভাষায়, ‘তার (বিরাট কোহলি) খেলা দেখা বেশ আনন্দের। বিশ্বকাপে সে টুর্নামেন্ট সেরা হয়েছে এটায় অবাক হওয়ার মতো কিছু নয়। তবে এই মানুষটির আসল ল্যাগেসি হলো, সে নিজেকে খেলাটির জন্য কীভাবে তৈরি করে। আমার ছেলে যদি এখনো কোনো খেলার সঙ্গে যুক্ত হয়, আমি তাকে বলব বিরাটের থেকে অনুপ্রেরণা নাও। খেলার প্রতি যে দায়বদ্ধতা বিরাট দেখায়, সেটা অভাবনীয়।’
