নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় নেতাদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর রাজধানী আলবেনিতে আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে বৈঠকটি সম্পন্ন হয়। বৈঠকে ধর্মীয় নেতাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গভর্নর হোকুল।
গভর্নরের আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন ধর্মের বিশিষ্ট ব্যক্তি, ইমাম ও খতিবসহ অন্যান্য ধর্মীয় নেতারা। বৈঠকটি আয়োজনে মুখ্য ভূমিকা পালন করেছেন সেক্রেটারি অব নিউ ইয়র্ক স্টেট রবার্ট জে রদ্রিগেজ। অনুষ্ঠানটির মূল অংশ সঞ্চালনাও করেন তিনি। মুসলিম ধর্মীয় নেতা হিসেবে বৈঠকে অংশ নেন ইমাম মানসুর রফিক, ও ইমাম মুসা দাম্মাহ মুহাম্মদ শহীদুল্লাহ
গভর্নর ক্যাথি হোকুল বলেন, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের জেরে নিউ ইয়র্কে যে তৎপরতা দেখা গেছে, সেটা অনাকাক্সিক্ষত। এ ব্যাপারে ইমামদের এগিয়ে আসতে হবে। গভর্নর ক্যাথি বৈঠকে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি মসজিদের নিরাপত্তা বাড়ানো, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং অযাচিত মুসলিম বিদ্বেষ প্রতিরোধে মুসলিম নেতাদের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব ও মতামত চান।
বৈঠকে ধর্মীয় নেতাদের অনেক বক্তব্য রাখেন এবং নিউ ইয়র্কে তাদের চ্যালেঞ্জগুলোর ব্যাপারে খোলামেলা কথা বলেন।
নিউ ইয়র্কে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের একটি নতুন অফিস খোলা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ফেইথ অ্যান্ড নন-প্রফিট ডেভেলপমেন্ট সার্ভিস। সংশ্লিষ্টরা আশা করেন, নিউ ইয়র্কে ধর্মীয় সহিষ্ণুতা ছড়িয়ে দিতে কাজ করবে প্রশাসনের এই শাখা।
