মানবাধিকার প্রশ্নে হুমকিতে ইউরোপে জিএসপি সুবিধা

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৪:০২ এএম

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার বা জিএসপি সুবিধা হুমকির মুখে পড়েছে। জিএসপি কর্মসূচির ওপর বাংলাদেশ, কম্বোডিয়া ও মিয়ানমার নিয়ে ‘জয়েন্ট স্টাফ ওয়ার্কিং ডকুমেন্ট’ নামে হালনাগাদ ওই প্রতিবেদনে জিএসপি সুবিধা নিয়ে হুমকির এ তথ্য উঠে এসেছে। ইউরোপীয় কমিশনের করা ওই মূল্যায়ন প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার ও শ্রম অধিকার বিষয়ে উদ্বেগ জানিয়ে বলা হয়েছে, মানবাধিকার ও শ্রম অধিকারের প্রতি সম্মান জানাতে ব্যর্থ হলে জিএসপি সুবিধা হারাতে পারে।

গত মাসের মাঝামাঝি ইইউ প্রতিনিধিদল সফর করে যাওয়ার পর জিএসপি সুবিধার সঙ্গে শর্ত হিসেবে যুক্ত মানবাধিকার ও শ্রম অধিকার নিয়ে যেসব উদ্বেগ ছিল, তার প্রায় সবই গত ২১ নভেম্বর প্রকাশিত ওই হালনাগাদ প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জিএসপি সুবিধা পাওয়া তিন দেশ বাংলাদেশ, কম্বোডিয়া ও মিয়ানমারের সঙ্গে সম্প্রতি সম্পৃক্ততা বাড়িয়েছে ইইউ। কারণ হিসেবে সংস্থাটি বলছে, দেশগুলোতে মৌলিক মানবাধিকার ও শ্রম অধিকারের মানদণ্ডের প্রতি সম্মান দেখানোর ঘাটতির বিষয়টি জাতিসংঘ, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও সুশীল সমাজের প্রতিবেদনে প্রমাণিত।

ইইউ বলেছে, মানবাধিকার ও শ্রম অধিকারের প্রতি সম্মান জানাতে ব্যর্থ হলে সুবিধাভোগী দেশগুলো তাদের জিএসপি সুবিধা হারাতে পারে। তবে পরিস্থিতি উন্নয়নের বিষয়ে বাংলাদেশের ভালো সম্পৃক্ততার স্বীকৃতিও দিয়েছে ইইউ।

প্রতিবেদনে বলা হয়, প্রতিটি দেশের বিষয়ে যথাযথ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মূল্যায়ন করা হয়েছে, প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নিতে উৎসাহিত করা যায়। বাংলাদেশের ক্ষেত্রে শ্রম অধিকার বিষয়ে সৃষ্টিশীল দ্বিপক্ষীয় মতবিনিময়ের জন্য সম্পৃক্ততায় বেশ জোর দেওয়া হয়। ২০২০-২২ মেয়াদে বাংলাদেশ কর্র্তৃপক্ষের সঙ্গে টেকসই সহযোগিতা অব্যাহত ছিল।

ইইউর মূল্যায়ন প্রতিবেদনে বাংলাদেশের শ্রম পরিস্থিতি বিষয়ে বেশ কয়েকটি উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে আছে ট্রেড ইউনিয়ন নিবন্ধন, ট্রেড ইউনিয়নের প্রতিনিধি নির্বাচন এবং অবাধে ট্রেড ইউনিয়নের কার্যক্রম চালানোর অধিকারের আইনি বাধা; ট্রেড ইউনিয়ন গঠনের জন্য ন্যূনতম সদস্যের প্রয়োজনীয়তা এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) ট্রেড ইউনিয়নের অনুপস্থিতি। এসব বাধা দূর করার তাগিদ দেওয়ার পাশাপাশি কারখানা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং স্বাস্থ্যগত সুরক্ষার ঘাটতি সমাধানের তাগিদ দেওয়া হয়েছে। সহিংসতা, হয়রানি, বরখাস্ত, ত্রুটিপূর্ণ তদন্ত, মামলা ও কর্মীদের গ্রেপ্তারের মতো ইউনিয়নবিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে বলা হয়। জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাপ) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) রূপকল্পে অন্তর্ভুক্ত শ্রম অধিকারসংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশকে গতি বাড়ানোর আহ্বানও জানিয়েছে ইইউ।

দুর্বল উন্নয়নশীল দেশগুলোকে পণ্য রপ্তানিতে সহায়তা করতে এভরিথিং বাট আর্মস (ইবিএ) নীতির আওতায় জিএসপি সুবিধা দেয় ইইউ। এতে মানবাধিকার, শ্রম অধিকার, পরিবেশ, জলবায়ু ও সুশাসনের ওপর আন্তর্জাতিক মানকে সম্মান জানানোর শর্ত আছে।

এ সুবিধার আওতায় ইইউভুক্ত দেশগুলোতে অস্ত্র ও গোলাবারুদ ছাড়া প্রায় ৭ হাজার ২০০ পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার পাওয়া যায়। এ সুবিধার ফলে বাংলাদেশি পণ্যের বড় রপ্তানি গন্তব্য এখন ইইউ। গত অর্থবছরে বাংলাদেশের মোট পণ্য রপ্তানির প্রায় ৪৫ শতাংশ গেছে ইইউভুক্ত ২৭ দেশে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত