পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সন্ত্রাসবিরোধী বিভাগ (সিটিডি) নারী সন্ত্রাসীদের একটি তালিকা প্রকাশ করেছে, যারা ২০১৪ সাল থেকে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত। এর মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ, অপহরণ, হত্যার মতো অভিযোগ। সিটিডি তাদের গ্রেপ্তারের বিষয়ে সাহায্য চেয়েছে।
জিও নিউজ জানিয়েছে- তালিকা অনুযায়ী ৩০ জন নারী সন্ত্রাসী কর্মকাণ্ডে, ১৩ জন অপহরণে, দুইজন চাঁদাবাজিতে এবং তিনজন করে টার্গেট কিলিং ও সন্ত্রাসে অর্থায়নের সঙ্গে জড়িত।
সিটিডির ডিআইজি ইমরান শহীদ বলেন, নারী অপরাধীদের সঙ্গে কোনো সূত্র জড়িত না থাকায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তারে অসুবিধার সম্মুখীন হচ্ছে। এসব নারী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হয়েছে। কয়েকটি মামলা বিভিন্ন আদালতে প্রক্রিয়াধীন।
