যুক্তরাষ্ট্রের আটলান্টায় ইসরায়েলি কনস্যুলেটের বাইরে এক বিক্ষোভকারী ফিলিস্তিনি পতাকা নিয়ে নিজের শরীরে আগুন দিয়েছেন। তাকে থামাতে গিয়ে কনস্যুলেটের এক নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বিবিসি ও আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (০১ ডিসেম্বর) দুপুরে পেট্রোল ঢেলে আত্মঘাতী হন বিক্ষোভকারী। হাসাপাতালে নেওয়া হলেও তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। যদিও তার নাম, লিঙ্গ এবং বয়স এখনো প্রকাশ করা হয়নি।
এক পুলিশ কর্মকর্তা বলেন, ভবনটি নিরাপদ (ইসরায়েলি কনস্যুলেট)। আমরা এখানে কোনো হুমকি দেখতে পাচ্ছি না। আমাদের বিশ্বাস এটি রাজনৈতিক প্রতিবাদ ছিল।
এফবিআইয়ের আটলান্টা অফিস জানিয়েছে, এ ঘটনার পর তারা স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করছে। তবে ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস ও কনস্যুলেট তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
