যুদ্ধবিরতি না বাড়ার জন্য হামাসকে দুষলেন ব্লিংকেন

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১১:০৬ এএম

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস চুক্তি ভাঙার কারণে অবরুদ্ধ ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতি আর বাড়েনি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

তাঁর দাবি, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি তাদের দেওয়া প্রতিশ্রুতি থেকে ‘সরে’ গেছে।

গতকাল শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলোচনায় এমন তথ্য জানান তিনি।

গাজায় গত ২৪ নভেম্বর শুরু হওয়া চার দিনের যুদ্ধবিরতি দুই দফা বাড়িয়ে সাত দিন করা হয়। মেয়াদ বাড়াতে আন্তর্জাতিক চাপ ও হামাসের পক্ষ থেকে নতুন করে প্রস্তাব দেওয়া হলেও রাজি হয়নি ইসরায়েল।

দেশটির সেনাবাহিনীর দাবি, ‘হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। পাশাপাশি তারা ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে। পরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে আবারও হামলা শুরু করেছে।’

সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “কেন যুদ্ধবিরতি শেষ হয়েছে তা বোঝা গুরুত্বপূর্ণ। এটি হামাসের কারণে শেষ হয়েছে। হামাস তাদের প্রতিশ্রুতি ভেঙেছে। প্রকৃতপক্ষে যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই তারা জেরুজালেমে একটি নৃশংস সন্ত্রাসী হামলা করেছিল। এতে তিনজন নিহত হয়। যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই তারা রকেট নিক্ষেপ শুরু করে। আমি যেমনটা বলেছি, সুনির্দিষ্ট কিছু জিম্মি মুক্তি দেওয়ার ক্ষেত্রে করা প্রতিশ্রুতি থেকে তারা সরে গেছে।“

হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির চুক্তি ব্যর্থ হওয়ায়, শনিবার দ্বিতীয় দিনে গড়িয়েছে গাজায় ইসরায়েলের হামলা।

এদিকে, ইসরায়েলের হামলার জবাবে শুক্রবার তেল আবিব, আশদোদ ও আশকেলন শহরে রকেট হামলা চালিয়েছে হামাস ও ফিলিস্তিনের ইসলামিক জিহাদ। হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালাতে ইসরায়েলে ১০০ টি বাঙ্কার বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত